ট্রাকচাপায় পোশাকশ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ
নারায়ণগঞ্জ শহরের খানপুরের বরফকল এলাকায় গতকাল রোববার ট্রাকচাপায় আবুল হাসনাত রিয়াজ (২৮) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা সকাল পৌনে আটটা থেকে বেলা প্রায় ১১টা পর্যন্ত নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করে রাখেন। এ সময় তাঁরা একটি গাড়ি ভাঙচুর করেন।রিয়াজ বরফকল মাঠসংলগ্ন প্রাইম গার্মেন্টসে সুইং সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি শহরের খানপুর বৌ-বাজার এলাকায়।প্রত্যক্ষদর্শী দেলোয়ার হোসেন জানান, রিয়াজ একটি রিকশায় করে যাওয়ার সময় আদমজীগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।ঘটনার পর আশপাশের ছয়-সাতটি পোশাক কারখানার দুই থেকে তিন হাজার শ্রমিক রাস্তায় এসে বিক্ষোভ করতে থাকেন। এ সময় তাঁরা কিলারপুল এলাকায় একটি বাস ভাঙচুর করেন। পরে পোশাকশ্রমিকেরা মিছিল করে দফায় দফায় সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় কিলারপুল ও এর আশপাশের ১০-১২টি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়।সকাল সাড়ে নয়টার দিকে পোশাকশ্রমিকদের একটি অংশ চাষাঢ়ায় বিকেএমইএ কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোষী ব্যক্তিদের শাস্তির আশ্বাস দিলে অবরোধকারীরা রাস্তা থেকে সরে আসেন।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। নিহত ব্যক্তির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।