ট্রাকচাপায় প্রাণ গেল দুই জেএসসি পরীক্ষার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের নিচে চাপা পড়ে দুই জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় মাসুদ রানা (১৭) নামের এক কিশোর গুরুতর আহত হয়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাটোর সদর থানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শহরের একটি কেন্দ্র থেকে পরীক্ষা শেষে দুই জেএসসি পরীক্ষার্থী অপর এক কিশোরের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। বেলা দেড়টার দিকে তারা দিঘাপতিয়া ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হয়। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম (১৫) নামের এক পরীক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। সে দিঘাপতিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

অন্য দুজনকে তাৎক্ষণিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। সেখানে নেওয়ার সময় পথিমধ্যে নূর মোহাম্মদ (১৫) নামের ওপর একজনের মৃত্যু হয়। সে একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে। অপর আহত মাসুদ রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনায় আহত তিনজনের অবস্থাই গুরুতর ছিল।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটকের চেষ্টা চলছে।