ট্রাকচাপায় প্রাণ গেল পাঁচজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোমবার একটি ট্রাক নছিমনকে চাপা দেয়। এতে পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়। একই দিন বগুড়ার শেরপুর ও রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ২৫ জন আহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: গোবিন্দগঞ্জ (গাইবান্ধা): সোমবার রংপুর-বগুড়া মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌরসভার বোয়ালিয়া এলাকায় বাঁক ঘুরতে গিয়ে রংপুরগামী একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১১-৫১৬৩) নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় চালক ট্রাকটি শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান নছিমনের ওপর উঠিয়ে দেন। এতে ট্রাকের চাপায় গোবিন্দগঞ্জের ছোট সোহাগী গ্রামের ফরিদুল (৩০), আবদুর রউফ (৩২), বড় সোহাগী গ্রামের আবদুল মান্নান (৪৫), সাতাইল বাতাইল গ্রামের রাশেদুল (২০) এবং কাউয়াগাড়ি গ্রামের চান্দু মিয়া (২৫) নিহত হন। আহত ছয়জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসা কর্মকর্তা অদিতি সরকার জানান, আহত ব্যক্তিদের মধ্যে নুরুল ইসলাম (৪০), শহিদুল ইসলাম (৩০) ও আমির হোসেন (২৫) এখানে চিকিৎসাধীন রয়েছেন। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জানান, দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়ে গেছেন। তবে ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।শেরপুর (বগুড়া): ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের মির্জাপুর এলাকায় গত সোমবার একটি ট্রাক একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের যাত্রী সিরাজগঞ্জের শাহজাদপুরের সাহাপাড়া এলাকার সুনীল কুমার (৪০) মারা যান। আহত ব্যক্তিরা হলেন: দাড়িয়াপুর এলাকার রিপা কুণ্ডু (৩৫), নিত্যানন্দ কুণ্ডু (৪০), মিনা কুণ্ডু (৫৫), সম্পদ কুণ্ডু (৫২) ও আনন্দ কুণ্ডু (২৫)। রংপুর: ঢাকা-রংপুর মহাসড়কের কলাবাড়ী এলাকায় সোমবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে দুজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন নীলফামারীর ডোমার উপজেলার মটুকপুর গ্রামের হুজুর আলী (৩৫)।