ট্রাকচাপায় প্রাণ গেল ভাইবোনের

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভাই-বোন নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল সাড়ে সাতটায় সাতক্ষীরা-আশাশুনি সড়কের জেলা নির্বাচন কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার ব্যবসায়ী আবদুল জলিলের ছেলে মেহেদী হাসান তামিম (১৯) ও মেয়ে সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী তৌফিকা জাহান রুহিনা (১১)। মেহেদী এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পরীক্ষা দিয়েছেন।
ঘটনার প্রতিবাদে দুপুর ১২টার দিকে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এবং সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকেরা কালো ব্যাজ পরে শহরে মৌন মিছিল করেন। পরে সাতক্ষীরা-আশাশুনি সড়কে সড়ক অবরোধ করে সমাবেশ করা হয়। এ ছাড়া সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। সমাবেশে অবিলম্বে ট্রাকের চালককে গ্রেপ্তার করাসহ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সাতক্ষীরা শহরে ট্রাক চলাচল বন্ধের দাবি জানানো হয়।
আবদুল জলিল জানান, পুরাতন সাতক্ষীরার বাড়ি থেকে সকাল সাতটার দিকে তামিম ছোট বোন রুহিনাকে নিয়ে মোটরসাইকেলে করে সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ে যাচ্ছিলেন। ঘটনার প্রত্যক্ষদর্শী সদর উপজেলার ব্যাংকদাহ গ্রামের রোকসানা খাতুন বলেন, তামিম ও রুহিনা পুরাতন সাতক্ষীরার দিক থেকে আসছিলেন। জেলা নির্বাচন কার্যালয়ের সামনে একই দিক থেকে আসা পানির ট্যাংকভর্তি একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজন ছিটকে ট্রাকের সামনে পড়ে। এ সময় ট্রাকটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। ট্রাকের ধাক্কায় তিনিও আহত হন। ঘটনার পরপরই জনতা ট্রাকটিকে আটক করে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাঁকে (রোকসানা) স্থানীয়রা সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।