ট্রাকচাপায় প্রাণ গেল মামা-ভাগনের
রাজশাহীতে দুই ট্রাকের মাঝখানে পড়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। নিহত দুই ব্যক্তি সম্পর্কে মামা-ভাগনে। আজ রোববার বেলা একটার দিকে নগরের তালাইমারী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম তানভীর হোসেন ওরফে বিশাল (২০)। নিহত যাত্রীর নাম হাসিবুল ইসলাম (২১)। তাঁদের দুজনেরই বাড়ি রাজশাহী নগরের সাধুর মোড় এলাকায়। দুর্ঘটনার সময় মামা তানভীর হোসেন অটোরিকশা চালাচ্ছিলেন।
তানভীরের চাচাতো ভাই শিমুল ইসলাম জানান, মামা-ভাগনে দুজনই অটোরিকশা চালান। বাসা থেকে অটোরিকশা নিয়ে তাঁরা তালাইমারী-ভদ্রা সড়কে গিয়ে দুর্ঘটনার শিকার হন। প্রত্যক্ষদর্শী নগরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রানা হামিদ জানান, নগরের তালাইমারী এলাকা থেকে বালুবোঝাই একটি ট্রাক ভদ্রার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি খালি ট্রাক তালাইমারীর দিকে যাচ্ছিল। অটোরিকশাটি সাধুর মোড় থেকে তালাইমারী সড়কে উঠে মোড় ঘোরাচ্ছিল। তখন দুই ট্রাকের মাঝে পড়ে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। রানা হামিদ অন্যদের সহযোগিতায় আহত অবস্থায় তাঁদের দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডমাস্টার মোশাররফ হোসেন জানান, দুজনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁদের একজন হাসপাতালে আসার আগেই মারা গিয়েছিলেন। আরেকজন হাসপাতালে আনার পর মারা যান।
রাজশাহী নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে ট্রাক দুটি জব্দ করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।