ট্রাকচাপায় প্রাণ হারালেন সাংবাদিক ফারুক

রাজধানীর কাকরাইলে বেপরোয়া গতির ট্রাকের চাপায় জ্যেষ্ঠ সাংবাদিক আবদুল্লাহ আল ফারুক (৫৩) প্রাণ হারিয়েছেন। গত শনিবার মধ্যরাতে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় তিনি আহত হন। গতকাল রোববার সকালে তিনি পান্থপথের স্কয়ার হাসপাতালে মারা যান।
ফারুক দৈনিক কালের কণ্ঠসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত ছিলেন। আগামী ১ জানুয়ারি খোলা কাগজ নামে নতুন একটি পত্রিকায় তাঁর যোগ দেওয়ার কথা ছিল। ওই ট্রাক ও ট্রাকটির চালককে আটকের দাবিতে গতকাল বিকেলে সাংবাদিকেরা জাতীয় প্রেসক্লাবের সামনে আধা ঘণ্টা সড়ক অবরোধ করে সমাবেশ করেন।
রমনা থানার পুলিশ বলেছে, শনিবার দিবাগত রাত পৌনে একটার দিকে কাকরাইল মোড়ে রাজমণি সিনেমা হলের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক সাংবাদিক ফারুককে চাপা দেয়। একজন অটোরিকশাচালক তাঁকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। স্বজনেরা খবর পেয়ে ফারুককে স্কয়ার হাসপাতালে ভর্তি করেন। সেখানে গতকাল সকাল সাতটার দিকে তিনি মারা যান। তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
হাসপাতাল থেকে ফারুকের লাশ মোহাম্মদপুরের তাজমহল রোডে তাঁর বাসার সামনে নেওয়া হয়। এ সময় স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। বাদ জোহর প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের সামনে জানাজা হয়। প্রেসক্লাবের জানাজায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ওই ট্রাকের চালককে গ্রেপ্তারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
ফারুকের ভাই আবদুল্লাহ আল মামুন সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, পুলিশের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই তাঁর ভাইয়ের লাশ বাদ মাগরিব আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি বলেন, বাসায় ফেরার সময় ট্রাক তাঁর ভাইকে চাপা দেয়। এ ঘটনায় রমনা থানায় মামলা করা হবে।
পুলিশের রমনা অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার এস এম শিবলী নোমান বলেন, সাংবাদিক ফারুককে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে গেছে।
ট্রাকচাপায় ফারুক নিহত হওয়ার ঘটনায় বেলা পৌনে তিনটা থেকে সোয়া তিনটা পর্যন্ত গণমাধ্যমকর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সাংবাদিক নেতারা ওই ট্রাকচালককে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দেন। সমাবেশ থেকে আগামী মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
ফারুকের গ্রামের বাড়ি পাবনার বেড়া উপজেলার বীর শালিকায়। তিনি ২০০৯ সালে কালের কণ্ঠ-এ যোগ দেওয়ার আগে সমকাল-এর প্রধান প্রতিবেদক ছিলেন। তিনি যুগান্তর পত্রিকায়ও কাজ করেছেন। তিনি জাতীয় প্রেসক্লাব ও ডিআরইউর সদস্য ছিলেন।
ফারুকের মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শোক প্রকাশ করেছেন। জাতীয় প্রেসক্লাব ফারুকের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।