ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রাকচাপায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরাফাত রহমান (২২) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় হামিদুর রহমান নামে বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র গুরুতর আহত হন।
আরাফাত নৃবিজ্ঞান বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী ও শহীদ রফিক-জব্বার হলের আবাসিক ছাত্র ছিলেন। তাঁর বাড়ি কুমিল্লা শহরের পুরাতন চৌধুরীপাড়ায়। আহত হামিদুর আরাফাতের সহপাঠী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল আরাফাত ও হামিদুর মোটরসাইকেলে করে ঢাকা থেকে যশোর যাচ্ছিলেন। বেলা পৌনে দুইটার দিকে হাটিকুমরুল গোলচত্বর থেকে ৫০০ মিটার পশ্চিমে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরাফাত নিহত হন। হামিদুরকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, ট্রাকের চালককে আটক করা হয়েছে।
অটোরিকশার ধাক্কায় দিনমজুর নিহত: শেরপুর (বগুড়া) প্রতিনিধি জানান, শেরপুর উপজেলায় গতকাল সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মন্টু মিয়া (৪০) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। সকাল ১০টায় শেরপুর-সিরাজগঞ্জ সড়কের শালফা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মন্টু মিয়ার বাড়ি উপজেলার বোয়ালকান্দি গ্রামে।