ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয়ছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরাফাত রহমান
আরাফাত রহমান

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রাকচাপায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরাফাত রহমান (২২) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় হামিদুর রহমান নামে বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র গুরুতর আহত হন। আরাফাত রহমান নৃবিজ্ঞান বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী ও শহীদ রফিক-জব্বার হলের আবাসিক ছাত্র ছিলেন। তাঁর বাড়ি কুমিল্লা শহরের পুরাতন চৌধুরীপাড়ায়। আহত হামিদুর রহমান আরাফাতের সহপাঠী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল আরাফাত তাঁর সহপাঠী হামিদুর রহমানকে মোটরসাইকেলে করে ঢাকা থেকে যশোর যাচ্ছিলেন। আরাফাত মোটরসাইকেল চালাচ্ছিলেন। বেলা পৌনে দুইটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর থেকে ৫০০ মিটার পশ্চিমে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের কার্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরাফাত নিহত হন। হামিদুরকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, আরাফাতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকের চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি মামলা করা হয়েছে।