ট্রাকচাপায় বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা নিহত হয়েছেন। আজ সোমবার মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি যাওয়ার পথে ওই কর্মকর্তা ট্রাকের চাপায় নিহত হন।

নিহত ওই কর্মকর্তা হলেন আবদুল কাদের (৩২)। তাঁর বাড়ি কুমিল্লা জেলার উত্তর লাকসাম এলাকায়। বাবার নাম মনির হোসেন। নিহত আবদুল কাদের ঢাকার বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নামের একটি প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ কর্মকর্তা পদে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী দুজন জানান, আজ সকাল সাড়ে ১০টায় বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আবদুল কাদের মোটরসাইকেল চালিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় সিরাজগঞ্জগামী একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) এস এম আবদুল গফুর প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তি বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় তিনি আজ সকালে মোটরসাইকেলে করে ঢাকা থেকে দিনাজপুরে শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশে রওনা দেন। এ সময় মোটরসাইকেলে তাঁর দুটি ব্যাগ ও পকেটে নগদ ২৯ হাজার ৯১ টাকা, মুঠোফোনসহ প্রয়োজনীয় পরিচয়পত্র ছিল।
এসআই জানান, দুর্ঘটনার পর অজ্ঞাত ট্রাকের খোঁজ পাওয়া যায়নি।