ট্রাকচাপায় ভাবি-ননদ নিহত
রাজধানীর দোলাইরপাড়ে গতকাল রোববার রাতে ট্রাকের চাপায় ভাবি ও ননদ প্রাণ হারিয়েছেন। তাঁরা হলেন সুমনা আক্তার (১৮) ও তাঁর ননদ ফারজানা আক্তার (১৮)। তাঁরা একটি ফ্যান কারখানার কর্মী ছিলেন।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে, রাত ১০টার দিকে দোলাইরপাড়ের গীত-সংগীত সিনেমা হলের সামনের সড়কের পাশ ধরে বাসায় ফিরছিলেন সুমনা, ফারজানা ও তাঁদের সহকর্মী আছিয়া খাতুন (২৫)। এ সময় ইটভর্তি বেপরোয়া গতির একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ফারজানা ঘটনাস্থলে মারা যান। আশঙ্কাজনক অবস্থায় সুমনা ও আছিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক সুমনাকে মৃত ঘোষণা করেন। আছিয়া চিকিৎসাধীন আছেন।
হতাহতদের সহকর্মী মিলন মিয়া হাসপাতালে সাংবাদিকদের বলেন, সুমনা, ফারজানা ও আছিয়া দোলাইরপাড়ের সেলিম সিলিং ফ্যান কারখানার কর্মী ছিলেন। কারখানা ছুটি শেষে তাঁরা বাসায় ফিরছিলেন। ইটভর্তি ট্রাকটি যাত্রাবাড়ীর দিক থেকে পোস্তগোলার দিকে যাচ্ছিল। একপর্যায়ে ট্রাকটি ওই তিন নারীকে চাপা দেয়। সুমনা ও আছিয়াকে তিনি হাসপাতালে নিয়ে আসেন।
শ্যামপুর থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, ভাঙাচোরা রাস্তায় চলার একপর্যায়ে ট্রাকটি তিন নারীর ওপর উঠে পড়ে। ট্রাকের চালক ও ট্রাকটি আটক করেছে পুলিশ। সুমনা ও ফারজানা সম্পর্কে ভাবি ও ননদ বলে তাঁরা জানতে পেরেছেন। তাঁরা পূর্ব দোলাইরপাড়ে একত্রে থাকতেন, গ্রামের বাড়ি পটুয়াখালীতে।