ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় গতকাল শনিবার বিকেলে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তাঁরা হলেন: গাজীপুর সদর উপজেলার নয়নপুর এলাকার মনির হোসেনের ছেলে মো. শাওন আহামেঞ্চদ (২৪) ও একই এলাকার সাদেক উল্লাহর ছেলে সালাহ উদ্দিন (২৮)। তাঁরা দুজন বন্ধু। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে গতকাল শনিবার বেলা তিনটার দিকে গাজীপুর শহরের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী দুজন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। সন্ধ্যায় আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে তাঁদের লাশ হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে গত শনিবার বিকেলে মোটরসাইকেলযোগে জেলা শহর থেকে শ্রীপুরের রাজাবাড়ি যাওয়ার পথে গাজীপুর সদর উপজেলার হানকাটা এলাকায় একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাজী টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন আহত হন। পরে তাঁকে আশপাশের লোকজন উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে আসেন। নাওজোড় মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন দুটি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।