ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাকচাপায় মোহাম্মদ খোকন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মালঞ্চ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত খোকনের বাড়ি মেলান্দহ পৌর শহরের চরপাড়া এলাকায়। তিনি মুদি দোকানি ছিলেন। তাঁর বাবার নাম আবদুল হক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোহাম্মদ খোকন মেলান্দহ থেকে জামালপুর পৌর শহরে যাওয়ার উদ্দেশে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। জামালপুর-মেলান্দহ সড়কের মালঞ্চ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে মামলা করা হবে বলে তিনি জানান।