ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় গতকাল মঙ্গলবার রাতে ট্রাকচাপায় হাবিবুর রহমান (২০) নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন মো. নাইম নামের একই মোটরসাইকেলের আরেকজন আরোহী। ঘটনার পর উত্তেজিত জনতা ওই ট্রাক আটক করে চালককে গণপিটুনি দেয়। ওই সড়কে চলা কয়েকটি যানবাহনেও ভাঙচুর চালায় তারা। এতে প্রায় আধা ঘণ্টা ধরে ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। এ সময় আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত নয়টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকার সড়কে পাল্লা দিয়ে চলা একটি ট্রাক ও অপর একটি গাড়ির মাঝখানে পড়ে যায় একটি মোটরসাইকেল। মোটরসাইকেলে ছিলেন দুই আরোহী, হাবিবুর ও নাইম। মোটরসাইকেল চালাচ্ছিলেন হাবিবুর। এ সময় পাশে থাকা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ আরোহীরা ট্রাকের চাকার নিচে চলে যান। এতে সৌভাগ্যক্রমে নাইম বেঁচে গেলেও চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান হাবিবুর। তবে নাইম সামান্য আহত হন। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আসলাম আলী বলেন, ঘটনার পর উত্তেজিত জনতা ওই ট্রাকটি আটক করে চালককে পিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকেও হাসপাতালে পাঠানো হয়। উত্তেজিত জনতা ওই সড়কে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। ভাঙচুরের কারণে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই গাড়ি থেকে নেমে দৌড়ে নিরাপদ আশ্রয়ে চলে যায়। এ সময় ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আধা ঘণ্টা পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম বলেন, হাবিবুর ছাত্র ছিলেন বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে। তাঁর বাসা কদমতলীতে। অপরদিকে গণপিটুনিতে আহত ট্রাকচালকের নাম জানা যায়নি। ট্রাক আটক করে থানায় আনা হয়েছে।