ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মাদ্রাসাছাত্র নিহত

ময়মনসিংহের নান্দাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাভার কমিউনিটি ক্লিনিকের কাছে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রের নাম মো. সাইফুল্লাহ আল মাসুম (১৮)। তিনি একটি মাদ্রাসার স্নাতক শ্রেণির ছাত্র ছিলেন।
পুলিশ জানায়, সাইফুল্লাহর বাবা মো. শামছুল হক ফকির উপজেলার শেরপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ। শামছুল হক তাঁর পরিবার নিয়ে নান্দাইল পৌরসভার চারিআনিপাড়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। ছেলে সাইফুল্লাহ বাবার মোটরসাইকেল নিয়ে গ্রামের বাড়ি নান্দাইলের পাচানি গ্রামে যান। সেখান থেকে ফেরার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে তিনি মহাসড়কে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। নিহত ছাত্রের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ বা মামলা দেওয়া হয়নি।