ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
ঢাকার অদূরে সাভারের হেমায়েতপুর এলাকায় আজ শুক্রবার সন্ধ্যায় ট্রাকের চাপায় একটি মোটরসাইকেলের তিনজন আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘটনার পর ট্রাকসহ চালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন—শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ফরহাদ হোসেন (২২), মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র নুরুল ইসলাম (২৩) ও একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সুলতান মিয়া (২২)। তাঁদের সবার বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কয়রা গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ফরহাদ হোসেন ঢাকায় তাঁর বন্ধু সুলতান মিয়ার বাসায় বেড়াতে আসেন। আজ ফরহাদ, সুলতান ও নুরুল তিন বন্ধু মোটরসাইকেলে চড়ে ঢাকার মিরপুর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেড়াতে যাচ্ছিলেন। সেখানে আহসান হাবিব নামে তাঁদের এক বন্ধু পড়াশোনা করেন। তাঁর সঙ্গে দেখা করতেই তিনজন জাহাঙ্গীরনগরের উদ্দেশে রওনা হন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আয়েশা মেমোরিয়াল হাসপাতালের সামনে পৌঁছানোর পর একটি ট্রাক পেছন দিক থেকে তাঁদের চাপা দেয়।
প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল। তিনি জানান, ঘটনাস্থলেই লাশের সুরতহাল করে সাভার মডেল থানায় নেওয়া হয়েছে। ঘাতক ট্রাকচালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাত্ক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।