ট্রাকচাপায় শিক্ষক আহত, সড়ক অবরোধ
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাকের নিচে চাপা পড়ে এক শিক্ষক পা হারিয়েছেন। গতকাল মঙ্গলবার বোয়ালমারী পৌরসভার হক মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে।
আহত ওই শিক্ষক হলেন প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক গৌতম কুমার সাহা (৩৭)।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, বেলা ১১টায় গৌতম কুমার সাহা সাইকেলে করে বিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন। উপজেলা কৃষি ব্যাংকের সামনে একটি ট্রাক সাইকেল আরোহী গৌতমকে চাপা দেয়।
এ সময় স্থানীয় লোকজন ট্রাকচালক মিনারুলকে (৩০) আটক করে। এরপর তাঁকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আহত গৌতমকে প্রথমে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে চালকের বিচারের দাবিতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বোয়ালমারী-কামারগ্রাম সড়ক অবরোধ করে। আধা ঘণ্টা পর বোয়ালমারী থানার ওসি এ কে এম আমিনুল হক বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ আসম জাহাঙ্গীর চৌধুরী প্রথম আলোকে বলেন, শিক্ষক গৌতম কুমার সাহার ডান পা কেটে ফেলা হয়েছে। ওই পাটি এক প্রকার বিচ্ছিন্ন অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছিল।