ট্রাকচাপায় শিক্ষক নিহত, আহত ১
দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের চিরিরবন্দর উপজেলার আমতলী এলাকায় গতকাল শনিবার ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
নিহত ব্যক্তির নাম দুর্গা প্রসাদ রায় (৩৫)। তাঁর বাড়ি বীরগঞ্জ উপজেলার লোহাগাড়া গ্রামে। তিনি আমেনা করিম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের কৃষিশিক্ষা বিষয়ের শিক্ষক ছিলেন। আহত হয়েছেন তাঁর শ্যালিকা জবা রায় (১৯)। তাঁর বাড়ি ফুলবাড়ী উপজেলা সদরে।
আমতলী বাজার এলাকার আবদুল হান্নান বলেন, মেয়েটিকে পেছনে নিয়ে মোটরসাইকেলের চালক দুর্গা প্রসাদ রায় ফুলবাড়ী থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিলেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ফুলবাড়ীগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মেয়েটি রাস্তা থেকে দূরে ছিটকে পড়ে আহত হন। দুর্গা প্রসাদ রায় ট্রাকের নিচে পড়লে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে।
চিরিরবন্দর থানার ওসি আনিসুর রহমান বলেন, ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আহত জবা রায়কে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।