ট্রাকচাপায় শিক্ষকসহ দুজন নিহত
মাদারীপুরের শিবচরে ট্রাকের চাপায় এক মাদ্রাসাশিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাতটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাঁচ্চর বেইলি সেতুতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সকালে মাদবরচর ইসলামিয়া ফেরকানিয়া মাদ্রাসার শিক্ষক জহিরুল ইসলাম (৩১) ও মাছ ব্যবসায়ীর রবি ব্যাপারী (৪২) রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কাওড়াকান্দি থেকে শিবচরগামী পণ্যবাহী একটি ট্রাক তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই রবি নিহত হন। গুরুতর আহত জহিরুলকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।
হাইওয়ে পুলিশের শিবচর পাঁচ্চর ফাঁড়ির ট্রাফিক সার্জন আরিফ হোসেন জানান, ট্রাকচাপায় প্রথমে এক মাছ ব্যবসায়ী নিহত হন। এ সময় আহত আরেকজন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।