ট্রাকচাপায় শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুল শেষে বাড়ি ফেরা হলো না শিশুটির। বাসায় ঢোকার রাস্তার ঠিক বিপরীত পাশেই ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছে সে। কাঁধে তখনো তার স্কুলব্যাগ। রক্তে রঞ্জিত তার স্কুলের পোশাকও।
বগুড়ার দুপচাঁচিয়া সদরের থানা বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে দুর্ঘটনার শিকার হয় শিশুটি। তার নাম আয়েশা ছিদ্দিকা (৮)। সে থানা বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা মো. আরিফুজ্জামানের মেয়ে। সে দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকালে বিদ্যালয়ে যায় আয়েশা। স্কুল ছুটি হলে বিকেল সাড়ে চারটার দিকে বাসার ঠিক বিপরীত পাশে বগুড়া-নওগাঁ সড়ক পারাপারের সময় ট্রাকের চাপায় গুরুতর আহত হয় সে। স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে প্রায় তিন ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়ে মারা যায় আয়েশা। রাত আটটার দিকে বাড়িতে লাশ আনার পর তার বাবা জানতে পারেন মেয়ে মারা গেছে। ব্যবসার কাজে বাইরে ছিলেন তিনি। লাশ আনার পর বাড়িতে কান্নার রোল পড়ে যায়। শোকে স্তব্ধ হয়ে যান আয়েশার বাবা-মা।