ট্রাকচাপায় শিশুসহ ৩ পথচারী নিহত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মির্জারকোট এলাকায় দ্রুতগামী ট্রাকচাপায় শিশুসহ তিন পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও এক শিশু। আজ সোমবার সকাল ছয়টার দিকে লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পথচারীরা হলেন পৌরসভার মির্জারকোট গ্রামে আমাতুল্ল্যর ছেলে দেলোয়ার হোসেন (৩০), একই গ্রামের নজরুল হোসেনের ছেলে আবদুর ছাত্তার (২৮) ও ফরিদুল ইসলামের ছেলে নাদিব (১২)। এ সময় রকি (১২) নামের আরও এক শিশু আহত হয়েছে। নিহত নাদিব পৌরসভার শিশুকল্যাণ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সোমবার ভোর ছয়টার দিকে স্থানীয় মসজিদে ফজরের নামাজ শেষে লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের মির্জারকোট এলাকার সড়ক দিয়ে ওই চারজন বাড়ি ফিরছিলেন। সে সময় লালমনিরহাট থেকে বুড়িমারী স্থলবন্দরের দিকে আসা একটি দ্রুতগতির ট্রাককে আড়াআড়িভাবে আসতে দেখে ওই চার পথচারী আত্মরক্ষার্থে দ্রুত বাঁশঝাড়ে ঢুকে পড়েন। দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশঝাড়ে ঢুকে পড়লে ট্রাকের চাপায় ঘটনাস্থলে শিশু নাদিব নিহত হয়।
গুরুতর আহত হন আরেক শিশুসহ তিনজন। আশপাশের লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন মারা যান। আহত আবদুর ছাত্তারকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১২টার দিকে তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোহাম্মদ জানান, ঘটনাস্থলে শিশু নাদিব ও পরে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন মারা যান। গুরুতর আহত আবদুর ছাত্তার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। শিশু রকিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর শিশুসহ তিনজন মারা যাওয়ার ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ট্রাকটিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।