ট্রাকচাপায় শ্রমিক নিহত, শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের পাইকাির ব্যবসাকেন্দ্র নিতাইগঞ্জ এলাকায় ট্রাকের চাপায় আল আমিন (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর শ্রমিকেরা মালামাল ওঠানো-নামানে বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন।
নিহত আল আমিন নলুয়াপাড়া এলাকার শহিদ মিয়ার ছেলে। তিনি নিজাম ট্রেডার্সের মালামাল ওঠানো-নামানোর শ্রমিক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল নিতাইগঞ্জে ট্রাক থেকে পণ্য নামাচ্ছিলেন আল আমিন। বেলা ১১টার দিকে পেছন থেকে অন্য একটি ট্রাক এসে আল আমিনকে চাপা দেয়। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার প্রতিবাদে নিতাইগঞ্জে শ্রমিকেরা সব ধরনের পণ্য ওঠানো-নামানো বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
নিতাইগঞ্জ গম, চাল, আটা, ময়দা, ডাল, তেলসহ বিভিন্ন ভোগ্যপণ্যের অন্যতম বৃহত্তম ব্যবসায়িক কেন্দ্র। ওই ঘটনায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, চালকের ১২ বছর বয়সের সহকারী দুলু ট্রাকটি চালাচ্ছিল। নিতাইগঞ্জ লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামরুল হাসান জানান, ট্রাক মালিক সমিতি নিহত শ্রমিকের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
সদর থানার ওসি মঞ্জুর কাদের বলেন, সমঝোতার পর শ্রমিকেরা কাজে যোগ দেন। ট্রাকটি চালাচ্ছিল চালকের দুলু নামের অল্প বয়সী এক সহকারী। তাকে আটক করা হয়েছে।