ট্রাকচাপায় সাইকেলচালকের মৃত্যু
পাবনার ঈশ্বরদী উপজেলায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক সাইকেলচালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পের সামনের সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
নিহত ব্যক্তির নাম উমির আলী (৩৫)। তিনি পেশায় দিনমজুর ছিলেন। বাড়ি পাকশীর রূপপুর গ্রামে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাকশী ফাঁড়ির শহর উপপরিদর্শক (টিএসআই) আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, কাজ শেষ করে সকালে পাকশী নদীর ঘাট থেকে সাইকেল চালিয়ে রূপপুরে নিজ বাড়িতে ফিরছিলেন উমির আলী। এ সময় ঘন কুয়াশায় কয়েক গজ দূরের কিছুও দেখা যাচ্ছিল না। সকাল সাড়ে আটটার দিকে রূপপুর প্রকল্পের ১ নম্বর গেটের সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ট্রাকটি দাশুড়িয়া অভিমুখে পালিয়ে গেছে। নিহত সাইকেলচালকের লাশ উদ্ধারে কাজ চলছে।
আমলগীর হোসেন বলেন, এ ঘটনার কিছুক্ষণ পর কুয়াশার কারণে ওই স্থানে একটি সিএনজিচালিত অটোরিকশা রাস্তা থেকে উল্টে খাদে পড়ে যায়।