ট্রাকচাপায় স্কুলছাত্র ও বৃদ্ধার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণখানে ট্রাকচাপায় ফাহিম মুনতাসির নামে নবম শ্রেণির এক ছাত্র মারা গেছে। আশিয়ান সিটি থেকে সাইকেলে করে দক্ষিণখানে বাসায় ফেরার পথে তাকে ট্রাক চাপা দেয়। ময়নাতদন্তের পর গতকাল বৃহস্পতিবার বিকেলে তার দাফন সম্পন্ন হয়েছে।
দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন প্রথম আলোকে বলেন, বুধবার রাত নয়টার দিকে ফাহিম মুনতাসির সাইকেল চালিয়ে হল্যান্ড এলাকা ধরে বাড়ির দিকে আসছিল। নিপা গার্মেন্টসের সামনে দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে তাকে দক্ষিণখানের কে সি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, ফাহিমের কোমরের ডান পাশে বেশ বড় আঘাত ছিল। ধারণা করা হচ্ছে, তার কোমরের ওপর দিয়ে ট্রাকটি চলে গেছে। তবে শরীরের অন্য কোথাও জখমের চিহ্ন নেই।
ফাহিম মুনতাসিরের বাবা নজরুল ইসলাম পেশায় ঠিকাদার। গতকাল বৃহস্পতিবার তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন প্রথম আলোকে বলেন, একটিই ছেলে তাঁর। আর একটি মেয়ে। মেয়েটি ছোট। তৃতীয় শ্রেণিতে পড়ে। বিকেলে পারিবারিক কবরস্থানে ছেলের দাফন সম্পন্ন করেছেন।
এ ঘটনায় দক্ষিণখান থানায় মামলা হয়েছে। ট্রাকটি রেখে চালক পালিয়ে গেছেন।
কামারপাড়ায় ট্রাকচাপায় ৮০ বছরের বৃদ্ধার মৃত্যু
কামারপাড়া গোলচত্বরের কাছে ট্রাকচাপায় নিহত হয়েছেন আনোয়ারা (৮০) নামের এক বৃদ্ধা।
তুরাগ থানার পুলিশ জানায়, গত বুধবার রাতে তিনি তাঁর ছোট বোন শহিদার সঙ্গে রিকশা করে টঙ্গির দিকে যাচ্ছিলেন। কামারপাড়া গোলচত্বরের কাছে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক রিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই আনোয়ারার মৃত্যু হয়। শহিদা আহত হন। শহিদা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন।