ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত ১, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের বেলকুচি উপজেলার মাইঝাইল গ্রামে ট্রাকচাপায় এক স্কুলছাত্র নিহত ও দুই ছাত্র আহত হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাকটিতে অগ্নিসংযোগ করে। গতকাল মঙ্গলবার দুপুরে বেলকুচি উপজেলার মাইঝাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রটির নাম আলহাজ হোসেন (৭)। সে চর মাইঝাইল গ্রামের আবদুল মান্নানের ছেলে ও চর মাইঝাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। আহত দুজনের পরিচয় জানা যায়নি। 

বেলকুচি থানার ওসি আনিসুর রহমান বলেন, গতকাল দুপুর সোয়া ১২টার দিকে স্কুল ছুটি হওয়ার পর ওই শিক্ষার্থীরা ওই সড়ক দিয়ে বাড়ি ফিরছিল। রাস্তা পার হওয়ার সময় বালুবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। চালক ট্রাকটি সড়কের ওপর রেখে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই আলহাজ মারা যায়। আহত অপর দুজনকে এলাকাবাসী উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় বেলকুচি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে।