ট্রাকচালক ও সহকারীর প্রাণ গেল আরেক ট্রাকের চাপায়
মানিকগঞ্জ সদর উপজেলায় গত বৃহস্পতিবার একটি ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন অপর একটি ট্রাকের চালক ও তাঁর সহকারী।নিহত ব্যক্তিরা হলেন ট্রাকচালক আবদুর রহিম (৪৫) ও তাঁর সহকারী বাবু হোসেন (৩৫)। রহিম সদর উপজেলার মানরা গ্রামের ফুলচান মিয়ার ছেলে। বাবুর বাড়ি যশোরে।এলাকাবাসী ও পুলিশ জানায়, সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর এলাকায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে একটি পণ্যবাহী ট্রাক বিকল হয়ে যায়। পরে ওই ট্রাকের চালক রহিম ও তাঁর সহকারী বাবু মহাসড়কের পাশেই ট্রাকটি মেরামতের চেষ্টা করেন। এ সময় দ্রুতগামী অপর একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রহিম ও বাবু মারা যান। খবর পেয়ে পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, ময়নাতদন্ত শেষে ওই দুজনের লাশ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।