নরসিংদীর ঘটনায় তদন্ত প্রতিবেদনে তথ্য
ট্রাকচালক পরিকল্পিতভাবে চাপা দিয়ে ১০ পুলিশকে হত্যা করেন
ট্রাকের চালক আলাউদ্দিন আলা ওরফে আলামিন পুলিশ সদস্যদের হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে পিকআপ ভ্যানকে চাপা দেন। এটা নাশকতা। এ ঘটনায় ভ্যানের চালকের বিন্দুমাত্র গাফিলতি ছিল না। নরসিংদীতে ট্রাকচাপায় ১০ জন পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। তদন্ত দল গতকাল সোমবার নরসিংদীর পুলিশ সুপারের কাছে এ প্রতিবেদন জমা দেয়। তদন্ত কমিটির প্রধান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক প্রথম আলোকে বলেন, ‘ঢাকা-সিলেট সড়কে নরসিংদীর ৫০ কিলোমিটারের মধ্যে আটটি তল্লাশি চৌকি বসানো হয়। এসব চৌকিতে যানবাহন থামিয়ে তল্লাশি করা হতো। এই কারণে অপরাধীরা নরসিংদীর পুলিশের প্রতি ক্ষুব্ধ ছিল। সেই ক্ষোভ থেকে ট্রাকচালক এ ঘটনা ঘটিয়েছেন বলে আমাদের মনে হয়েছে।’পুলিশ সুপার (এসপি) আক্কাছ উদ্দিন ভূঞা বলেন, ‘আজ (সোমবার) তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি। প্রতিবেদনটি পুলিশের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, পিকআপ ভ্যানের কাগজপত্র পর্যালোচনা ও মোটরযান পরিদর্শকের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তদন্ত দল। প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকারও নেওয়া হয়। এসব পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায়, পুলিশ সদস্যদের বহনকারী পিকআপ ভ্যান পুরোপুরি সচল ছিল।এ ছাড়া ট্রাক ও পিকআপ ভ্যানের অবস্থান, সংবাদকর্মীদের ধারণ করা ভিডিওচিত্র ও স্থিরচিত্র দেখা হয়। পাশাপাশি পারিপার্শ্বিক অবস্থাও বিবেচনায় আনা হয়। এতে প্রমাণ মেলে, ট্রাকের চালক আলামিন ইচ্ছা করে সড়কের মাঝখানে সাদা রং দ্বারা চিহ্নিত লাইন (ডিভাইডার লাইন) অতিক্রম করে পুলিশের পিকআপ ভ্যানটিকে চাপা দেন। খুন ও জখমের উদ্দেশ্যে ছাড়া এভাবে বিপরীত পাশে এসে চাপা দেওয়ার কোনো কারণ নেই। ট্রাকচালক আকস্মিকভাবে এই ঘটনা ঘটান। তাই পিকআপ ভ্যানের চালকের কিছুই করার ছিল না। ঘটনার পরপরই ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। তদন্তে উদ্ধার তৎপরতা ও পুলিশ সদস্যদের চিকিৎসায় ত্রুটি ছিল কি না, সংশ্লিষ্ট মামলা ও আসামি গ্রেপ্তারে পুলিশের ভূমিকা এবং ক্ষতির পরিমাণসহ বিভিন্ন বিষয় আমলে নেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শোকসভা, অনুদান: পুলিশ সুপার আক্কাছ উদ্দিন ভূঞা জানান, নরসিংদীতে নিহত পুলিশ সদস্যের স্মরণে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন নিহত প্রত্যেকের পরিবারকে দুই লাখ টাকার চেক দেন। এক্সিম ব্যাংকের পক্ষ থেকে এই অনুদান দেওয়া হয়।শোকসভায় প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নুরুল মজিদ মাহমুদ, নরসিংদী সদর আসনের সাংসদ নজরুল ইসলাম, শিবপুর আসনের সাংসদ জহিরুল হক, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান প্রমুখ অংশ নেন।গত ১৫ জানুয়ারি বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার ঘাশিরদিয়া এলাকায় ট্রাকচাপায় দুজন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও একজন উপপরিদর্শকসহ (এসআই) পুলিশের ১০ জন নিহত হন।