ট্রাকচালককে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালক ও তাঁর সহকারীকে হত্যার পর চালবোঝাই ট্রাক ছিনতাইয়ের প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার দাবিতে কুষ্টিয়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন চালকল, ট্রাকমালিক ও শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা ট্রাক মালিক সমিতির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দেন নেতারা।
১৪ জানুয়ারি কুষ্টিয়ার খাজানগরের সুবর্ণা অ্যাগ্রো ফুডের একটি চালকল থেকে ১৮ টন চাল নিয়ে মুন্সিগঞ্জ যাচ্ছিলেন চালক রবিউল ইসলাম ও তাঁর সহকারী আরিফুল হোসেন। পথে দুর্বৃত্তরা তাঁদের গলা কেটে হত্যা করে চাল লুট করে। পরদিন সকালে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকা থেকে ট্রাকসহ দুজনের লাশ উদ্ধার করে পুলিশ।
বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আবদুর রশীদের সভাপতিত্বে এই প্রতিবাদ সমাবেশ হয়। এতে বক্তব্য দেন মিল মালিক সমিতির কুষ্টিয়া শাখার সহসভাপতি এফ এম বজলুর রহমান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, জেলা ট্রাক মালিক সমিতির সহসাধারণ সম্পাদক এম এ লতিফ, জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।
বক্তারা বলেন, চাল ছিনতাই কিংবা ট্রাকচালক ও সহকারী খুন এই প্রথম নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। কিন্তু একটি ঘটনারও কোনো সুরাহা করতে পারেনি পুলিশ। খুনিরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। এ জন্য খুনের ঘটনা ঘটছে।
বক্তারা হাইওয়ে পুলিশকে ইঙ্গিত করে বলেন, যাদের দায়িত্ব সড়ক-মহাসড়কে চলাচলরত যানবাহনের চালকদের নিরাপত্তা দেওয়া, তারা এখন ব্যস্ত চাঁদাবাজি নিয়ে। ট্রাকের সব কাগজপত্র হালনাগাদ থাকা সত্ত্বেও হাইওয়ে পুলিশ চালকদের কাছ থেকে দেশের বিভিন্ন এলাকায় চাঁদা আদায় করছে।
চাঁদা না দিলে নানা হয়রানির শিকার হতে হয়। পুলিশি চাঁদার ভয়ে চালকেরা দিনে না চলে রাতে চলাচল করেন। এখন রাতে আবার তাঁদের হতে হয় ডাকাতি ও খুনের শিকার।
সমাবেশ কর্মসূচি শেষে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
পুলিশি চাঁদাবাজির অভিযোগের ব্যাপারে জানতে চাইলে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, এ অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।