ট্রাকচালকদের নির্বাচনে জাল ভোট, সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলাবাগান মাঠে গতকাল বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয় l ছবি: প্রথম আলো
কলাবাগান মাঠে গতকাল বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয় l ছবি: প্রথম আলো

বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে গতকাল শুক্রবার রাজধানীর তেজগাঁও ট্রাক টার্মিনাল ও কলাবাগান ক্রিকেট মাঠে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। নির্বাচনে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে প্রথমে নির্বাচনস্থল কলাবাগান মাঠে এবং এর জের ধরে তেজগাঁও এলাকায় সংঘর্ষ হয়। এ সময় তেজগাঁও টার্মিনালে অবস্থিত ইউনিয়নের প্রধান কার্যালয়ে ভাঙচুর করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা।
বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন ছিল গতকাল। এই নির্বাচনকে ঘিরে কয়েক দিন ধরেই তেজগাঁও ট্রাক টার্মিনাল এলাকায় চলছিল জোর প্রচারণা, মিছিল-সভা। গতকাল সকাল আটটায় কলাবাগান ক্রিকেট মাঠে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী খরচের পরিমাণ ও এর উৎস নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। কয়েক দিন ধরে প্রার্থীদের লাগানো হাজার হাজার ব্যানার, ফেস্টুন, পোস্টার সবার দৃষ্টি আকর্ষণ করেছে। নির্বাচন উপলক্ষে টার্মিনাল এলাকায় প্রতিদিনই থাকত প্রার্থীদের পক্ষ থেকে আপ্যায়নের ব্যবস্থা।
নির্বাচনে প্রার্থীদের খরচের ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক দুজন প্রার্থী বলেন, সারা দেশে ইউনিয়নের ৩০টির মতো শাখা আছে। এসব শাখা ও ট্রাক টার্মিনাল থেকে প্রচুর আয় হয়। তাই প্রার্থীরা খরচ করতে দ্বিধা করেন না। তা ছাড়া অনেকে খরচ মেটাতে সাহায্য-সহযোগিতা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১০টার দিকে নির্বাচনের দুটি প্যানেলের লোকজন প্রতিটি বুথে ঢুকে পড়েন। তাঁরা নিজেদের প্রার্থীর ব্যালটে ভোট দিতে থাকেন। জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হেলালউদ্দিন প্রথম আলোকে বলেন, দুই পক্ষ নিজেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে সবাইকে কলাবাগান মাঠ থেকে বের করে দিয়ে আবার পরিচয়পত্র দেখে দেখে ঢোকানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
কলাবাগান মাঠ ঘুরে বেলা সাড়ে ১১টায় দেখা যায়, মাঠের মাঝে বানানো নির্বাচনী বুথগুলোর সামনে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে ব্যালট পেপার, ভোটার তালিকার ছেঁড়া অংশ। ২১ নম্বর বুথে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। বুথের লোকজনের কাছে কোনো ব্যালট পেপার নেই। বুথের লোকজনের কাছে ভোটার তালিকাও নেই। ব্যালট বাক্স পরিপূর্ণ। বুথের লোকজন অলস সময় কাটাচ্ছেন। কয়েকজন ভোটার ভোট দিতে এসে দেখতে পান ব্যালট পেপার নেই। মাঠে আসা লোকজন বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়াচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি বুথের দায়িত্বরত লোকেরা বলেন, ১১টার দিকেই সব ব্যালট পেপারে সিল মারা হয়ে গেছে। প্রতিটি বুথের ব্যালট বাক্স কানায় কানায় ভরা। এমন নির্বাচন করার কোনো মানে নেই। যার যা মন চাইল এসে সিল মেরে চলে গেল।
অবশ্য জাল ভোটের বিষয়টি অস্বীকার করেন এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সামছুল হক। তিনি প্রথম আলোকে বলেন, সামান্য বিশৃঙ্খলা হয়েছিল। কিন্তু সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে। বিকেল চারটা পর্যন্ত সবাই যাঁর যাঁর ভোট দিতে পেরেছেন।
এদিকে কলাবাগান মাঠে সংঘর্ষের খবরে তেজগাঁও ট্রাক টার্মিনাল এলাকাতেও সংঘর্ষ শুরু হয়। এ সময় ড্রাইভার্স ইউনিয়নের প্রধান কার্যালয়ের কক্ষগুলোতে ভাঙচুর চালানো হয়। কক্ষের ভেতরে থাকা চেয়ার-টেবিল বাইরে এনে আগুন দেওয়া হয়।
ড্রাইভার্স ইউনিয়নের নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে ১৮টি পদে মোট ৩০ জন নির্বাচিত হবেন। নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ৫৫ জন। সারা দেশের প্রায় ২১ হাজার ড্রাইভার ও সহকারীরা ভোটের মাধ্যমে তাঁদের নেতা নির্বাচন করবেন। নির্বাচনে সভাপতি পদে গরুর গাড়ি প্রতীক নিয়ে লড়ছেন তালুকদার মো. মনির। তাঁর সঙ্গে সাধারণ সম্পাদক প্রার্থী হাবিবুর রহমান লড়ছেন মাইক প্রতীক নিয়ে। সভাপতি পদে অপর প্রার্থী হুমায়ুন কবির মজুমদারের প্রতীক দেয়ালঘড়ি। তাঁর সঙ্গে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাহমুদুল আলমের প্রতীক খেজুরগাছ। রাত নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভোট গণনা চলছিল।