ট্রাকচালকসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ, চুয়াডাঙ্গার দামুড়হুদা ও নাটোরের বড়াইগ্রামে গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকসহ তিনজন নিহত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ-স্বপ্নপুরী সড়কের রামপুর এলাকায় গতকাল একটি মোটরসাইকেল ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশার যাত্রী জোবেদা বেগম (৪৫) সড়কে পড়ে গেলে মোটরসাইকেলটি তাঁকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তাঁর বাড়ি নবাবগঞ্জ উপজেলার নন্দনপুর গ্রামে।চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কের দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঁঠালতলা এলাকায় গতকাল একটি পাওয়ারটিলারের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাওয়ারটিলারে থাকা শাহাবুল হোসেন (৩২) নামের এক কৃষক নিহত হন। তাঁর বাড়ি সদর উপজেলার শৈলগাড়ী গ্রামে। নাটোর: ঢাকা-নাটোর মহাসড়কের বড়াইগ্রামের খেজুরতলায় গতকাল ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক মোস্তাফিজুর রহমান (৩৩) নিহত ও তিন ব্যবসায়ী আহত হয়েছেন। মোস্তাফিজুর রহমানের বাড়ি রাজশাহী শহরের শিরোইল এলাকায়।