ট্রাকচালকের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকচালককে মারধর করার প্রতিবাদে ট্রাকশ্রমিকেরা গতকাল মঙ্গলবার বগুড়া-নওগাঁ সড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ করেন। ফলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে তালোড়া থেকে একটি ট্রাক দুপচাঁচিয়া বাজার হয়ে জয়পুরহাটের আক্কেলপুরের ধানের মোকামে যাচ্ছিল। ট্রাকটি উপজেলার পুরাতন বাজারে পৌঁছালে মোটরসাইকেল আরোহী এক তরুণ সেখানে যানজটের জন্য ওই ট্রাকের চালককে দায়ী করে তাঁকে মারধরসহ ট্রাকের সামনের গ্লাস ভেঙে ফেলেন। ঘটনাটি স্থানীয় ট্রাক চালক সমিতির সদস্যরা জানতে পেরে ওই তরুণকে গ্রেপ্তারের দাবিতে বেলা ১১টায় বগুড়া-নওগাঁ সড়কের সিও বাসস্ট্যান্ডে তাঁরা ট্রাক দিয়ে বেরিকেড দেন। পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাকশ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেলে দুপচাঁচিয়া থানার ওসি নূর ইসলাম বলেন, এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে আসামিকে গ্রেপ্তার করা হবে।