বেপরোয়া গতিতে ট্রাক চালিয়ে এক রিকশারোহীর মৃত্যু ঘটানোর দায়ে এক ট্রাকচালককে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার বিকেলে ঢাকার মহানগর হাকিম উৎপল চৌধুরী এই মামলার রায় ঘোষণা করেন।আদালত সূত্রে জানা যায়, দণ্ডাদেশ পাওয়া আসামি ট্রাকচালক ফারুক হোসেন সকালে তাঁর আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দেন। তবে রায় ঘোষণার সময় তিনি আদালতে হাজির ছিলেন না। আদালত তাঁকে পলাতক দেখিয়ে রায় ঘোষণা করেন।রায়ে বলা হয়, রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণে সক্ষম হওয়ায় আদালত আসামিকে দণ্ডবিধির ২৭৯ ধারায় দোষী সাব্যস্ত করে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং ৩০৪/বি ধারায় দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করা হলো। আসামি গ্রেপ্তার বা আত্মসমর্পণ করার তারিখ থেকে এ রায় কার্যকর হবে।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর খিলক্ষেত থানার আমতলা হাজিবাড়ি কবরস্থানের সামনে একটি ট্রাক একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশার আরোহী নাসিমা আক্তার রিকশা থেকে পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় খিলক্ষেত থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. আসাদুর রহমান বাদী হয়ে ওই থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ফারুকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। রাষ্ট্রপক্ষে তিনজন সাক্ষী উপস্থাপন করা হয়।