ট্রাকচালকের ঘুম কেড়ে নিল প্রকৌশলীর প্রাণ
মৌলভীবাজারের রাজনগর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী শাহ মহিদুর রহমান ট্রাকচাপায় নিহত হয়েছেন।গতকাল মঙ্গলবার সকালে ঢাকা-মৌলভীবাজার মহাসড়কের শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ট্রাকচালক মো. আবদুল করিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন, ওই সময় তিনি ঘুমের ঘোরে চলে গিয়েছিলেন।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল পৌরসভার শ্যামলী এলাকার বাসিন্দা প্রকৌশলী শাহ মহিদুর রহমান গতকাল সকালে নিজ বাসা থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে তিনি কাকিয়াবাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটি চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে ট্রাকচালক মো. আবদুল করিম পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁদের আটক করে গণপিটুনি দেন। পরে পুলিশ গিয়ে জনতার হাত থেকে তাঁকে উদ্ধার করে।শ্রীমঙ্গল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবুল হাশেম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুল করিম পুলিশকে জানান, ওই সময় তিনি ঘুমের ঘোরে চলে গিয়েছিলেন। গতকাল বিকেলে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় নিহত প্রকৌশলীর ভাই শাহ তুতিউর রহমান বাদী হয়ে মামলা করেছেন। ট্রাকচালক আবদুল করিমকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।চিফ হুইপের শোক: প্রকৌশলী মহিদুর রহমানের মৃত্যুতে জাতীয় সংসদের চিফ হুইপ মো. আব্দুস শহীদ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি ট্রাকচালকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বলেও শোকবার্তায় উল্লেখ করেছেন।