
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ‘মাদকবাহী’ ট্রাকের চাপায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে ও চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম গতকাল বুধবার এ কর্মসূচি পালন করে।
বেলা ১১টার দিকে উপজেলার কানসাট পল্লী বিদ্যুৎ মোড়ে এ মানববন্ধন করা হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ইরতিজা আহসান, পুলিশ সুপার বশির আহম্মদ, সহকারী পুলিশ সুপার ওয়ারেছ আলী মিঞা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহ্বায়ক রুহুল আমীন প্রমুখ।
বক্তারা বলেন, গ্রেপ্তার এড়াতে মাদকবাহী ট্রাকের চালক মো. সিরাজ ইচ্ছাকৃতভাবে দুই পুলিশ কর্মকর্তাকে ট্রাকের চাকায় পিষ্ট করে পালিয়ে যান। এ ঘটনায় তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
৩ মার্চ ভোর সাড়ে পাঁচটার দিকে কানসাটে শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাদেকুল ইসলাম ও সার্জেন্ট আতাউল ইসলাম ট্রাক থামানোর সংকেত দেন। কিন্তু চালক ওই সংকেত উপেক্ষা করে তাঁদের ট্রাকচাপা দেন। ওই দিন বেলা পৌনে ১১টার দিকে ট্রাকচালক সিরাজকে উপজেলার কাশিয়াবাড়ি এলাকা থেকে আটক করা হয়। পরদিন তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।