ট্রাকজট, তবে ঘাটে প্রস্তুতি ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ট্রাকজট। ছবিটি গতকাল দুপুরে তোলা l সাইফুল ইসলাম
মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ট্রাকজট। ছবিটি গতকাল দুপুরে তোলা l সাইফুল ইসলাম

ঈদযাত্রার সময় অতিরিক্ত যানবাহন ফেরিতে পারাপারের জন্য মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাটে প্রস্তুতি পর্যাপ্ত বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে এখন শিমুলিয়া ঘাটে ট্রাকজট রয়েছে। একেকটি ট্রাকের ফেরিতে পদ্মা নদী পার হতে দেড় দিন লেগে যাচ্ছে।

সড়কপথে ঈদযাত্রায় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘরমুখী মানুষের একটি উল্লেখযোগ্য অংশ শিমুলিয়া থেকে ফেরিতে পদ্মা নদী পার হয়ে ওপারে কাঁঠালবাড়ী যাবে। ঘাটসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঈদের আগের তিন দিন ও পরে আরও তিন দিন এই নৌপথে ফেরিতে ট্রাক পারপার বন্ধ থাকবে। তখন ফেরিগুলো কেবল যাত্রী ও যাত্রীবাহী যানবাহন পারাপার করবে। ফলে তেমন সমস্যা হবে না বলে তাঁরা আশা করছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, এই নৌপথে যাত্রীবাহী বাসের চাপ কম। যেসব বাস চলাচল করে, সেগুলোর বেশির ভাগই লঞ্চে যাত্রী পারাপার করে। বাসগুলো ছাড়ে সায়েদাবাদ থেকে। পোস্তগোলায় বুড়িগঙ্গা সেতু পর্যন্ত যানজট ছাড়া ঘাটে আসতে তেমন ভোগান্তি নেই।

তবে গতকাল রোববার বাবুবাজার সেতু পরিয়ে কেরানীগঞ্জের কদমতলী হয়ে ঝিলমিল প্রকল্পের পাশ দিয়ে ঢাকা-মাওয়া মহাসড়কে ওঠা পর্যন্ত বেহাল সড়কের জন্য ভোগান্তি পোহাতে হয়। শিমুলিয়া ঘাটে পৌঁছে দেখা গেল, বাস-গাড়ি সহজে ফেরি পারাপার হচ্ছে। কিন্তু ঘাটে ট্রাকজট। ট্রাক টার্মিনাল প্রায় পূর্ণ। ফেনী থেকে পোলট্রি ফিড নিয়ে খুলনাগামী ট্রাকচালকের সহকারী আবুল বাশার বলেন, গত শনিবার রাত ১২টার দিকে তাঁরা এই ট্রাক টার্মিনালে এসেছেন। পার হওয়ার সিরিয়াল পেতে রোববার রাত হয়ে যাবে। তাঁর মতো আরও অনেক ট্রাকশ্রমিকই এক থেকে দেড় দিন ধরে ঘাটে অবস্থান করছেন।

তবে নদী পারাপারের ফেরি পরিচালনাকারী সংস্থা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মকর্তারা বলছেন, ঈদের আগেই ট্রাকজট কমে যাবে এবং ঈদের আগের তিন দিন অপচনশীল পণ্যবাহী ট্রাক পারাপার একেবারেই বন্ধ করে দেওয়া হবে।

শিমুলিয়ায় বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক খালেদ নেওয়াজ বলেন, ঈদের যান পারাপারে ঘাটে ১৯টি ফেরি থাকবে। এর মধ্যে চারটি রো রো ফেরি, ছয়টি ডাম্প ফেরি, সাতটি কে টাইপ ফেরি ও দুটি মিডিয়াম টাইপ ফেরি থাকবে। এখন শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ী যেতে গড়ে এক থেকে সোয়া ঘণ্টা সময় লাগে। নৌপথের নাব্যতা ভালো অবস্থায় রয়েছে। গত বছর ঈদের সময় একেক দিনে ৪ হাজার করে যানবাহন পারাপার (উভয় ঘাট থেকে) করা সম্ভব হয়েছিল। যদি অবস্থা এ রকমই থাকে, কোনো ঝড়ঝাপ্টা না হয়, তবে এবারও ঈদের আগের দিনগুলোতে প্রতিদিন গড়ে প্রায় ২ হাজার গাড়ি শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ী পার করা সম্ভব হবে।

বিআইডব্লিউটিসির কর্মকর্তারা বলেন, এখন এই নৌপথে ফেরি চলাচল করছে ১৬টি। এ অবস্থায় গত শুক্র থেকে শনিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় দুই ঘাট দিয়ে আড়াই হাজার যান পারাপার হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩০০ ছোট গাড়ি, ৯১৭টি ট্রাক ও ২৯৩টি বাস রয়েছে।

ঘাট দেখভালকারী সংস্থা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (নৌ সংরক্ষণ ও পরিচালন) মো. শাহজাহান বলেন, শিমুলিয়া ও কাঁঠালবাড়ীর চারটি করে মোট আটটি ঘাটই ভালো অবস্থায় আছে।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম বলেন, কাঁঠালবাড়ীর চারটি ঘাটের অবস্থাই ভালো। নতুন ঘাট, তাই ভাঙার কোনো সুযোগ নেই। ঈদের প্রস্তুতির অংশ হিসেবে চারটির মধ্যে তিনটি ঘাটই হাই ওয়াটার লেবেলের জন্য প্রস্তুত করা হয়েছে। অর্থাৎ, নদীতে পানি বেড়ে গেলেও পারাপারের সমস্যা হবে না।