ট্রাকসহ বেইলি সেতু ভেঙে পড়ল
খাগড়াছড়ি সদরের খাগড়াপুর এলাকায় মঙ্গলবার একটি কাঠবোঝাই ট্রাকসহ বেইলি সেতু ভেঙে পড়েছে। এতে জেলা সদরের সঙ্গে তিনটি উপজেলার যোগাযোগে বিঘ্ন ঘটছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীঘিনালা থেকে খাগড়াছড়ি জেলা সদরে আসার পথে কাঠবোঝাই একটি ট্রাক খাগড়াপুরের বেইলি সেতুর ওপর ওঠার পর সেটি ভেঙে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি। স্থানীয় লোকজন জানান, ঘটনার সময় ট্রাকটিতে চালকসহ তিনজন ছিলেন। তাঁরা কেউ আহত হননি। সেতুটি ভেঙে পড়ায় খাগড়াছড়ির সঙ্গে দীঘিনালা উপজেলা ও রাঙামাটির দুটি উপজেলা বাঘাইছড়ি ও লংগদুর সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইসমাইল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মো. ইসমাইল হোসেন বলেন, সেতুটি মেরামত করে যান চলাচলের উপযোগী করতে কমপক্ষে এক সপ্তাহ সময় লাগতে পারে। এ সময় বিকল্প হিসেবে খাগড়াছড়ি সেনানিবাসের অভ্যন্তরীণ সড়ক দিয়ে যান চলাচল করবে।