
জামালপুরের মেলান্দহ উপজেলার চর আদিয়ারপাড়া এলাকার দাঁতভাঙা বেইলি সেতুটি গতকাল রোববার সিমেন্টবোঝাই ট্রাকসহ ভেঙে পড়েছে। এতে জামালপুর-মাদারগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চর আদিয়ারপাড়া এলাকার দাঁতভাঙা বেইলি সেতুটি দীর্ঘদিন ধরে মেরামত করা হয়নি। এতে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। গতকাল বেলা আড়াইটার দিকে ঢাকা থেকে মাদারগঞ্জগামী শাহ সিমেন্টের একটি ট্রাক সেতুর ওপর ওঠে। কিছুক্ষণের মধ্যে সেতুটি ভেঙে পড়ে। এতে জামালপুর-মাদারগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা দুর্ভোগে পড়েছে। সেতু ভেঙে পড়ার ঘটনায় আদিয়ারপাড়া গ্রামের মোটরসাইকেলের চালক আসাদ সরকার (২৭) ও একই গ্রামের জহুরুল ইসলাম (৩২) আহত হন।
সিএনজিচালিত অটোরিকশার চালক রফিকুল ইসলাম বলেন, ‘লক্কড়ঝক্কড় এ সেতু দিয়ে এত দিন জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হয়েছে। দীর্ঘদিন ধরে মেরামত না করায় সেতুটির নাট-বল্টু ও ইস্পাতের পাটাতন নষ্ট হয়ে গেছে। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা আমরা আগে থেকেই করছিলাম। এ সড়ক দিয়ে চলাচলের বিকল্প কোনো ব্যবস্থা নেই। সেতুটির মেরামতের আগ পর্যন্ত আমাদের দুর্ভোগের সীমা থাকবে না।’
জামালপুর সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহেদুজ্জামান বলেন, পাঁচ টনের বেশি মালামাল নিয়ে যান চলাচল না করার জন্য সেতুটির দুই পাশে সাইনবোর্ড লাগানো আছে। কিন্তু ওই ট্রাকটিতে ৭০০ বস্তা সিমেন্ট ছিল। সেতুটি ট্রাকটির ভারসাম্য রক্ষা করতে না পারায় ভেঙে পড়ে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বলেন, ট্রাকচালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় জামালপুর সওজ অধিদপ্তরের কার্যালয় থেকে মামলা করার প্রস্তুতি চলছে।