ট্রাকে আগুন লেগে চালক ও সহকারী নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বালুবাহী একটি ট্রাকের ধাক্কায় আরেকটি ট্রাকে আগুন ধরে চালক ও সহকারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা ২টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লার আদর্শ সদর উপজেলার সৈয়দপুর গ্রামের জানে আলম বেগ ওরফে মোহন (৬৫), তিনি গাড়ির মালিক ও চালক। অপরজন একই উপজেলার ধর্মপুর এলাকার আবদুর রহিমের ছেলে চালকের সহকারী মো. পলাশ (২৫)।
প্রত্যক্ষদর্শী শাহজাহান বলেন, বালুবাহী ট্রাকটি পেছন দিক থেকে অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকটি সামনের দিকে ছিটকে যায় এবং বালুবাহী ট্রাকটিতে আগুন জ্বলে ওঠে। এতে উভয় পাশের দরজা আটকে যায় এবং এটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মুহূর্তে সম্পূর্ণ ট্রাকে আগুন ছড়িয়ে পড়ে। আর আগুনে পুড়ে ট্রাকের মধ্যে কয়লা হয়ে যান ট্রাকের চালক ও সহকারী।
মহাসড়ক (হাইওয়ে) পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) অচিন্ত কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার পরপর আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। পরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।’