ট্রাকে ঝুলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে
দিনে মজুরি সর্বোচ্চ ৩০০ টাকা। সামান্য এই মজুরিতেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন ট্রাকে খড় পরিবহন করা শ্রমিকেরা। খড় পরিবহনের সময় জীবনের ঝুঁকি নিয়ে শ্রমিকেরা ট্রাকে ঝুলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলছেন।
খড় পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উত্তরাঞ্চলের মধ্যে সিরাজগঞ্জ ও পাবনা এলাকায় গরুর খামার বেশি। তাই এখানে খামারি আর খড় কেনাবেচার কাজও বেশি। অন্য কাজ খুব একটা না থাকায় বাধ্য হয়েই এলাকার লোকজনকে ট্রাকে খড় পরিবহনের কাজ করতে হয়।
সিরাজগঞ্জের শাহজাদপুর থানার নুকালী গ্রামের সামছুল আলম (৪৩) জানান, বিভিন্ন এলাকায় গিয়ে খড়ের পাল্লা থেকে ট্রাকে করে খড় ওঠানো এবং ট্রাক থেকে খড় নামানোর কাজে সারা দিনের মজুরি পান মাত্র ৩০০ টাকা। মজিবর রহমান (৩৫) জানান, শ্রমিকদের যাতায়াত খরচ না দেওয়ায় বাধ্য হয়েই তাঁদের জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকের ডালায় ঝুলে যাতায়াত করতে হয়।
পাবনা জেলার সাঁথিয়া উপজেলার আবদুর রহিম (২০) জানান, দুই বছরে এলাকার দুজন শ্রমিক গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে এবং একজন চলন্ত ট্রাকের ডালা থেকে ছিটকে পড়ে মারা যান। সিরাজগঞ্জের শাহজাদপুর থানার নুকালী গ্রামের সামছুল আলম (৪৩) জানান, গত বছর খড় বহন করা গাড়িতে আগুন লাগে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন।
কয়েকজন খড় ব্যবসায়ী জানান, একটি ট্রাকে খড় বোঝাই করতে ১০-১২ জন শ্রমিক লাগে। ট্রাফিক, দালাল ও পুলিশদের চাঁদা দিতে হয়। শ্রমিকদের মজুরি ও ট্রাক ভাড়া দিয়ে তাঁদের খুব একটা লাভ থাকে না। তাই বাধ্য হয়েই শ্রমিকদের ট্রাকের ডালায় করে নিয়ে যেতে হয়।