ট্রাকে ঢাকায় নেওয়ার সময় বার্ড ফ্লু আক্রান্ত ১৪০০ মুরগি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাকে করে ঢাকায় নেওয়ার সময় বার্ড ফ্লু আক্রান্ত এক হাজার ৪০০ মুরগি জব্দ করা হয়েছে। গতকাল বুধবার সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে তল্লাশি চৌকিতে মুরগি বহনকারী ওই ট্রাকটি আটক করা হয়। পরে পরীক্ষায় মুরগিগুলোতে বার্ড ফ্লু ধরা পড়ে।সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে মুরগিসহ গবাদিপশু পরীক্ষার জন্য তল্লাশি চৌকি বসানো হয়। গতকাল বুধবার নীলফামারী থেকে এক হাজার ৪০০ মুরগি নিয়ে ওই ট্রাকটি ঢাকায় যাচ্ছিল। দুপুরে ট্রাকটি ওই তল্লাশি চৌকিতে পৌঁছালে সেটি আটক করা হয়। পরে ট্রাকের মধ্যে থাকা পাঁচটি মৃত মুরগির প্রাথমিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় সেগুলোতে বার্ড ফ্লু শনাক্ত হয়। এরপর ট্রাকসহ সব মুরগি সিরাজগঞ্জ জেলার আঞ্চলিক প্রাণিরোগ গবেষণাগারে পরীক্ষার জন্য পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর সব মুরগি বার্ড ফ্লু রোগে আক্রান্ত বলে নিশ্চিত করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘উত্তরবঙ্গের বিভিন্ন খামারের মুরগি বার্ড ফ্লু রোগে আক্রান্ত হচ্ছে। আক্রান্ত মুরগিগুলো ঢাকায় নেওয়া হচ্ছে বলে খবর পাওয়ার পর মন্ত্রণালয়ের নির্দেশে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসকদের নিয়ে তল্লাশি চৌকি বসানো হয়। বার্ড ফ্লুতে আক্রান্ত মুরগি জব্দ করার বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেগুলো ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ (গতকাল) রাতের কোনো এক সময় জেলা প্রশাসনের প্রতিনিধিদের উপস্থিতিতে মুরগিগুলো মাটির নিচে পুঁতে ফেলা হবে।’