ট্রাকে নির্মমভাবে বেঁধে গরু পরিবহনের দায়ে কারাদণ্ড
রাজবাড়ীর গোয়ালন্দে নির্মমভাবে বেঁধে ট্রাকে করে গরু পরিবহনের অপরাধে ইমরান হোসেন মিয়া নামের এক ব্যক্তিকে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গত রোববার ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।
আদালত পরিচালনার সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরুণ কুমার দত্ত, গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা গত সোমবার প্রথম আলোকে বলেন, ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত গরু ট্রাকে নির্মমভাবে বেঁধে পরিবহন করা হচ্ছিল। এ কারণে কয়েকটি গরুর শরীর থেকে রক্ত ঝরছিল। রোববার বিকেলের দিকে উপজেলা পরিষদের সামনে বসানো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ওয়েস্কেলে ওজন মাপার সময় ট্রাকে গরু পরিবহনের বিষয়টি তাঁর নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশের সহযোগিতায় ট্রাকটি জব্দ করেন। এ ছাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে খবর দিয়ে অসুস্থ গরুগুলোর চিকিৎসার ব্যবস্থা করান। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্মমভাবে গরু পরিবহনের দায়ে গরু ব্যবসায়ী ইমরান হোসেনকে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। পরে ইমরানকে জেলা কারাগারে পাঠানো হয়। তাঁর বাড়ি ঢাকার কসাইটুলি এলাকায়। চিকিৎসা শেষে গরুগুলো ট্রাকে থাকা অন্য লোকেরা নিয়ে যান।