ট্রাকে পণ্য বিক্রি কাল থেকে
পবিত্র রমজান সামনে রেখে আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে খোলা ট্রাকে করে কম দামে পণ্য বিক্রি শুরু করছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
এসব ট্রাক থেকে ক্রেতারা চিনি, সয়াবিন তেল (বোতলজাত), মসুর ডাল, ছোলা ও খেজুর—এই পাঁচটি পণ্য কিনতে পারবেন। রাজধানীর ২৫টি স্থানসহ সারা দেশে ১৭৪টি ট্রাকে করে এসব পণ্য বিক্রি করা হবে।
ক্রেতারা এক কেজি চিনি ৩৯ টাকায়, ৬৫ টাকায় মসুর ডাল, ৪৪ টাকায় ছোলা এবং ৭০ টাকায় খেজুর কিনতে পারবেন। এক লিটার কিংবা দুই লিটারের বোতলজাত তেল কিনলে দাম পড়বে ১০৭ টাকা করে এবং পাঁচ লিটারের বোতল কিনলে পড়বে ১০৬ টাকা। টিসিবির তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির আজ সোমবার বিকেলে প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন।
ঢাকার ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি হবে যেসব স্থানে:
জাতীয় প্রেসক্লাব, সচিবালয় গেট, ফকিরাপুল বাজার ও আইডিয়াল স্কুলের আশপাশে, শান্তিনগর বাজার, মতিঝিলের শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, শাহজাহানপুর বাজার, বাসাবো বাজার, যাত্রাবাড়ী মোড়, কাপ্তান বাজার, লালবাগের ইসলামবাগ কাঁচাবাজার, ছাপড়া মসজিদ ও পলাশী বাজার, নিউমার্কেট কাঁচাবাজার, জিগাতলা কাঁচাবাজার, খামারবাড়ির সামনে, মহাখালী কাঁচাবাজার, রামপুরা বাজার, বনশ্রী বাজার, আগারগাঁও, শেওড়াপাড়া, মিরপুর-১০ গোলচত্বর, কচুখেত বাজার, মোহাম্মদপুর টাউন হল মার্কেট, মোহাম্মদপুর কৃষি মার্কেট, আবদুল্লাহপুর বাজার।
ঢাকার বাইরে চট্টগ্রামে ১০টি, অন্যান্য বিভাগীয় শহরে পাঁচটি করে এবং বাকি জেলা সদরে দুটি করে ট্রাক টিসিবির পণ্য বিক্রি করবে।