ট্রাকে পেট্রলবোমা চালক অগ্নিদগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে গতকাল সোমবার রাতে একটি চলন্ত ট্রাককে লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে অবরোধকারীরা। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে ট্রাকচালক নজরুল ইসলাম অগ্নিদগ্ধ ও চালকের সহকারী নুরুজ্জামান আহত হয়েছেন।
নজরুল টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মালতি গ্রামের ফজর আলীর ছেলে। নুরুজ্জামান একই গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে।
জানা গেছে, রাত সাড়ে নয়টার দিকে চালভর্তি একটি ট্রাক কালিহাতী থেকে চট্টগ্রামে যাচ্ছিল। কালিয়াকৈরের সফিপুর আনসার একাডেমির ৩ নম্বর ফটকসংলগ্ন এলাকায় পৌঁছালে অবরোধকারীরা ওই ট্রাকের সামনের অংশে একটি পেট্রলবোমা ছুড়ে মারে। এতে ট্রাকের গ্লাস ভেঙে চালক নজরুলের মুখমণ্ডল ও শরীরে আগুন ধরে যায়। এ সময় চালক গাড়ি থামানোর চেষ্টা করলে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে ট্রাকটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। ওই সময় নুরুজ্জামানও গুরুতর আহত হন। খবর পেয়ে এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করেন। তাঁরা পানি দিয়ে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে নজরুলকে আনসার একাডেমি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে আনসার একাডেমির একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়।
আনসার একাডেমি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাসুদ আলম জানান, নজরুলের মুখমণ্ডলসহ গলার কিছু অংশ পুড়ে গেছে।