ট্রাকে পেট্রলবোমায় নিহত ২ বোমা-আগুনে দগ্ধ ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনৈতিক সহিংসতা
রাজনৈতিক সহিংসতা

‘একতরফা’ নির্বাচন প্রতিহত করতে আজ শনিবার সকাল থেকে সারা দেশে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। এই সময়ে ১৮ দলের পূর্বঘোষিত অবরোধ কর্মসূচিও চলবে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক গতকাল শুক্রবার তাঁর বাসভবনে হরতাল কর্মসূচি ঘোষণা করেন।
অবরোধে আরও দুজনের প্রাণহানি ঘটেছে। তাঁরা হলেন মো. আদিলুর রহমান (৪০) ও শাহনেওয়াজ মণ্ডল (৩০)। দিনাজপুরের হাকিমপুরে গত বৃহস্পতিবার রাতে পেঁয়াজবোঝাই একটি ট্রাকে অবরোধকারীরা পেট্রলবোমা হামলা চালালে তাঁরা অগ্নিদগ্ধ হয়ে নিহত হন। এ নিয়ে গত ২৫ নভেম্বর দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে হরতাল-অবরোধসহ রাজনৈতিক সহিংসতায় নিহতের সংখ্যা দাঁড়াল ১২২।
নির্বাচনের ক্ষণ যত এগিয়ে আসছে, সহিংসতার মাত্রা তত বাড়ছে। অবরোধের শেষ ২৪ ঘণ্টায় রাজধানীসহ সাতটি জেলায় নাশকতা ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় আমদানি পণ্যবাহী একটি ট্রাকে অবরোধকারীদের আগুনে চালক ও তাঁর সহকারী দগ্ধ হন। রাজধানীর পরীবাগ এলাকায় যাত্রীবাহী মিনিবাসে পেট্রলবোমা হামলায় দগ্ধ হন তিনজন। আবদুল্লাহপুরে আগুন দেওয়া হয় দুটি বাসে। সাতক্ষীরা ও চাঁদপুরের কচুয়ায় দুটি ট্রাকে আগুন দেওয়া হয়।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক সংবাদ সম্মেলনে আগামীকালের নির্বাচনে ভোটদানে বিরত থাকতে ভোটারদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, কেবল একজন ব্যক্তির ক্ষমতার মোহের কারণে এই নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে দেশের মানুষ ও বিদেশিদের কোনো সমর্থন নেই। এই নির্বাচন প্রতিহত করা হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান ও আসাদুল করিম উপস্থিত ছিলেন।
ট্রাকে পেট্রলবোমা, নিহত ২: দিনাজপুরের হাকিমপুরে ট্রাকে পেট্রলবোমা হামলায় আগুনে পুড়ে দুজন নিহত হওয়া ছাড়াও আরও তিনজন আহত হন। তাঁরা হলেন ট্রাকের চালক মো. ইউসুফ আলী, তাঁর সহকারী শাহজাহান ও শ্রমিক সুমন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবীব জানান, ট্রাকটি বৃহস্পতিবার রাতে হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজ নিয়ে গাইবান্ধার সাদুল্যাপুর যাচ্ছিল। হতাহত পাঁচজনই ট্রাকটির কেবিনে ছিলেন। ঘোড়াঘাট সড়ক দিয়ে ট্রাকটি হাকিমপুর উপজেলার ইটাই বাওনায় পৌঁছালে রাত ১২টার দিকে এটি লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়া হয়। সঙ্গে সঙ্গে ট্রাকটিতে আগুন ধরে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জমিতে উল্টে যায় এটি। এ সময় ট্রাকের চালক ইউসুফ আলী, সহকারী শাহজাহান ও শ্রমিক সুমনের শরীরে আগুন লাগলেও তাঁরা ট্রাক থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। কিন্তু ট্রাকের মালিক শাহনেওয়াজ মণ্ডল ও পেঁয়াজ ব্যবসায়ী আদিলুর রহমান ট্রাকের কেবিন থেকে বের হতে পারেননি। তাঁরা দুজনেই আগুনে পুড়ে মারা যান।
দিনাজপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে হিলি ফায়ার সার্ভিস স্টেশনের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। কিন্তু তার আগেই ট্রাকটির বেশির ভাগ অংশ পুড়ে যায়। দিনাজপুর থেকে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের কেবিন কেটে ভোর ছয়টার দিকে নিহত দুজনের লাশ উদ্ধার করে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে লাশ দুটির ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
পণ্যবাহী ট্রাকে আগুন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে আমদানি পণ্যবাহী একটি ট্রাকে আগুন দেওয়া হলে ট্রাকের চালক আজিজুল হক (৪৫) ও সহকারী মো. আরিফ (২২) দগ্ধ হন। ট্রাকটি ফল বহন করছিল। আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সাতক্ষীরার সদর উপজেলার ভোমরা স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার রাতে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল একটি ট্রাক। রাত সাড়ে ১০টার দিকে ভোমরা-সাতক্ষীরা সড়কের গাংনিয়া এলাকায় ট্রাকটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন অবরোধকারীরা।
ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম জানান, অবরোধের মধ্যেও ব্যবসায়ীরা মালামাল আমদানি-রপ্তানি করছেন। এর আগে গত বুধবার রাতেও পেঁয়াজবোঝাই একটি ট্রাকে আগুন দেওয়া হয়। পর পর দুই দিন দুটি ট্রাকে আগুন দেওয়ায় ব্যবসায়ীদের মধ্যে একধরনের আতঙ্কের সৃষ্টি হয়েছে।
জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ ব্যাপারে সাতক্ষীরা গোয়েন্দা বিভাগের পরিদর্শক (ডিএসবি) আযম খানের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, গাছ কেটে সড়ক অবরোধ ও নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে।
চাঁদপুরের কচুয়া উপজেলায়ও একটি ট্রাকে আগুন দেওয়া হয়েছে। চাঁদপুর-কুমিল্লা সড়কের কচুয়ার জগৎপুর এলাকায় ভোরে এ ঘটনা ঘটে। এ সময় তিন-চারটি যানবাহনও ভাঙচুর করা হয়। জেলার ফরিদগঞ্জ, হাজীগঞ্জ ও কচুয়ায় বিএনপি-জামায়াতের চার কর্মীকে আটক করা হয়েছে।
নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউপির মনোহরপুর গ্রামের অখিল চন্দ্র দেবনাথের খড়ের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ: চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন যুবলীগ গতকাল বিকেলে সারা দেশে বিরোধী দলের নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশে যোগ দিতে আসা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিছিলে বিএনপির কর্মীরা হামলা চালান। পরে এ নিয়ে দুই পক্ষে চলে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ। এতে অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহত জেলা ছাত্রলীগের সহসভাপতি শিমুল হাসান ও মমিন খানকে ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে চাঁদপুর শহরের জেএন সেনগুপ্ত রোডে জেলা বিএনপির কার্যালয়সহ বেশ কয়েকটি দোকানপাটে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকের বেগম মসজিদসংলগ্ন বাড়িও।
সাংসদের গাড়ি লক্ষ্য করে ঢিল: নোয়াখালী শহরের সোনাপুর এলাকায় সকালে অবরোধকারীদের মিছিল থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ একরামুল করিম চৌধুরীকে বহনকারী গাড়িতে ঢিল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সাংসদ একরামুল করিম চৌধুরী বলেন, তিনি কবিরহাট উপজেলার গ্রামের বাড়ি থেকে পুলিশের গাড়িতে চড়ে জেলা শহরে আসছিলেন। তিনি সোনাপুর এলাকার বিআরটিসির বাস ডিপোর সামনে পৌঁছালে অবরোধকারীরা গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়েন। এ সময় পুলিশ গুলি ছুড়লে অবরোধকারীরা পালিয়ে যান। তবে জেলা বিএনপির সভাপতি মোহামঞ্চদ শাহজাহানের অভিযোগ, অবরোধের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল চলাকালে সাংসদ গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন।
মিছিল থেকে হামলা: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা সন্ধ্যায় মিছিল থেকে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সোলায়মান সরদারের (৫৮) ওপর হামলা চালান। এ সময় তিনি দৌড়ে স্থানীয় মৌসুমী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আশ্রয় নেন। পরে মিছিলকারীরা একটি কোচ সার্ভিসের কাউন্টার ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এগিয়ে গেলে নেতা-কর্মীরা তাদেরও লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। ইটের আঘাতে পুলিশের কনস্টেবল মমিনুর রহমান (২২) আহত হন।
যানবাহনে ভাঙচুর: পাবনা-নাটোর সড়কের নাটোরের বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ এলাকায় ভোরে ২০টি ট্রাক ভাঙচুর করেন অবরোধকারীরা। পরে পুলিশের সহায়তায় ট্রাকগুলো গন্তব্যে চলে যায়। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। এদিকে সকালে নাটোর-রাজশাহী মহাসড়কের তেবাড়িয়ায় পণ্যবাহী চারটি ট্রাক ভাঙচুর করেন অবরোধকারীরা। পুলিশ ঘটনাস্থল থেকে ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলামসহ সাতজনকে আটক করেছে।
রেলওয়ে জংশনে ককটেল হামলা: মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশন এলাকায় বৃহস্পতিবার রাত আটটার দিকে একটি ককটেল ফাটানো হয়। এতে কেউ আহত হয়নি। তবে জংশনে উপস্থিত যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পরপরই কুলাউড়া থানার পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় অভিযান চালিয়ে সন্দেহজনক পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়।
হরতাল শুরুর আগেই ভাঙচুর, বোমা: গতকাল হরতাল ঘোষণার পরপরই ঈশ্বরদীতে বেশ কিছু যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমা হামলার ঘটনা ঘটেছে। মাগুরা সদর থানার পাশে গতকাল হরতালের সমর্থনে ঝটিকা মিছিল হয়েছে। এ সময় মিছিল থেকে সদর থানার সীমানাপ্রাচীরের ভেতরে প্রবেশপথে এবং থানার পাশে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
রাজধানীতে অবরোধ: সকালে রমনা থানার পরীবাগ এলাকায় একটি যাত্রীবাহী মিনিবাসে পেট্রলবোমা হামলা চালান অবরোধকারীরা। এতে চালক বাবুল হাওলাদার, যাত্রী ইনস্যুরেন্স কর্মকর্তা শাহিনা আক্তার ও ফল ব্যবসায়ী ফরিদ মিয়া দগ্ধ হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জাকির হোসেন জানান, সন্ধ্যা ছয়টার দিকে আবদুল্লাহপুরে একটি যাত্রীবাহী বাসে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ওই সময় কয়েক গজ দূরে আরও একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস কর্মীরা বাসটির আগুন নেভান। আগুনে বাস দুটির বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি। এর আগে বিকেলে গুলিস্তানের গোলাপ শাহ মাজারের পাশে একটি যাত্রীবাহী বাসে আগুন দেন অবরোধকারীরা।
দক্ষিণখান থানার আজমপুরে একটি মেসে অভিযান চালিয়ে শিবিরের কর্মী সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা ও চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর অফিস, মৌলভীবাজার, চাঁদপুর, নাটোর, আদমদীঘি (বগুড়া), ঈশ্বরদী (পাবনা), মাগুরা ও উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি]