ট্রাকে ভ্রাম্যমাণ মঞ্চে যাত্রাপালা ও মুক্তিযুদ্ধের কবিতা
দেশাত্মবোধক যাত্রাপালা ও মুক্তিযুদ্ধের কবিতা নিয়ে রাজধানীতে ট্রাকে করে ভ্রাম্যমাণ অনুষ্ঠান পরিবশন করেছে বাংলাদেশ যাত্রা শিল্পী উন্নয়ন পরিষদ। মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে দেশাত্মবোধক যাত্রাপালা ও মুক্তিযুদ্ধের কবিতা নিয়ে এ ট্রাকযাত্রা শুরু হয়। শিল্পীরা শহরের বিভিন্ন স্থানে ট্রাকে করে যাত্রাপালা মঞ্চস্থ করেন। যাত্রাপালার তালিকায় ছিল নবাব সিরাজউদ্দৌলা ও গঙ্গা থেকে বুড়িগঙ্গা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ‘সকল যুদ্ধাপরাধীকে করে দেন নিঃশেষ, চিরতরে কলঙ্কমুক্ত হোক প্রিয় মাতৃভূমি বাংলাদেশ’—এ প্রত্যয় নিয়ে যাত্রাশিল্পীরা এই অনুষ্ঠানের আয়োজন করেন। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে, বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এবং সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে ট্রাকের মঞ্চে যাত্রাপালা পরিবেশন করা হয়।
এ সময় বাংলাদেশ যাত্রা শিল্পী উন্নয়ন পরিষদের সভাপতি মৃণাল কান্তি, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ যাত্রাশিল্পীরা উপস্থিত ছিলেন।