ট্রাকের চাকা ফেটে বাসযাত্রীর মৃত্যু
ট্রাকের চাকা ফেটে ছুটে যাওয়া রিংয়ের আঘাতে এক বাসযাত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বরের একটি হোটেলের সামনে। নিহত ব্যক্তির নাম আবদুল মান্নান (৪০)। তিনি জয়পুরহাট জেলার কালাই থানার নওয়াপাড়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের জিলানী জানান, হাটিকুমরুল গোলচত্বর এলাকার নাইট এঙ্গেল হোটেলে যাত্রাবিরতির সময় রাত সাড়ে নয়টার দিকে যাত্রী মান্নান বাস থেকে নেমে পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় ঢাকাগামী একটি মালবোঝাই ট্রাকের চাকা ফেটে যায়। টায়ারের সঙ্গে থাকা লোহার রিংটি ছুটে এসে মান্নানের মাথায় লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ঘটনার পর ট্রাকের চালক বগুড়ার সোহেবকে ট্রাকসহ আটক করা হয়েছে। থানায় মামলা দায়ের করা হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।