ট্রাকের চাকায় পিষ্ট মা-মেয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ নগরের মিশনপাড়া এলাকায় গতকাল মা–মেয়ে পিষ্ট হওয়ার পর ট্রাকে আগুন দেয় এলাকাবাসী l ছবি: প্রথম আলো
নারায়ণগঞ্জ নগরের মিশনপাড়া এলাকায় গতকাল মা–মেয়ে পিষ্ট হওয়ার পর ট্রাকে আগুন দেয় এলাকাবাসী l ছবি: প্রথম আলো

ছয় বছর বয়সের ছোট বোন জান্নাতুল ফেরদৌসকে নিয়ে মায়ের সঙ্গে রিকশায় চড়ে নানার বাড়ি যাচ্ছিল সাবিকুন নাহার। ৬ নভেম্বর তার জেএসসি পরীক্ষা শুরু হবে। মুরব্বিদের দোয়া নিতে হবে। কিন্তু নানার বাড়িতে পৌঁছাতে পারেনি সে। মাঝপথে মালবোঝাই ট্রাকের চাপায় চিরতরে হারিয়েছে মা আর ছোট বোনকে। অল্পের জন্য বেঁচে গেছে সে।
নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় গতকাল শুক্রবার ট্রাকচাপায় এই হতাহতের ঘটনা ঘটে। ক্ষুব্ধ এলাকাবাসী ওই ট্রাকে ভাঙচুর চালিয়ে আগুন দেয় ও সড়ক অবরোধ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে ক্ষুব্ধ এলাকাবাসীর সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নগরের চাষাঢ়া ৩৬ নম্বর বালুরমাঠ এলাকার ব্যবসায়ী গোলাম সারোয়ারের স্ত্রী পিয়ারী আক্তার দুই মেয়েকে নিয়ে দুই কিলোমিটার দূরে নগরের খানপুরে বাবার বাড়ি যাচ্ছিলেন। বেলা পৌনে ১১টার দিকে তাঁদের রিকশা নবাব সলিমুল্লাহ সড়কে মিশনপাড়া এলাকায় পৌঁছালে গমবোঝাই একটি ট্রাক পেছন থেকে রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশা উল্টে পিয়ারী আক্তার ও ছোট মেয়ে জান্নাতুল নিচে পড়ে যান। দুজনেই ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। বড় মেয়ে স্কুলছাত্রী সাবেকুন নাহার ও রিকশাচালক (অজ্ঞাত) আহত হন। আশপাশের লোকজন সাবিকুন নাহার ও রিকশাচালককে উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে এবং ট্রাকটি ভাঙচুর করে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে এলাকাবাসীর সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এলাকাবাসী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে পুলিশ লাঠিপেটা করে এলাকাবাসীকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় দুই পুলিশসহ কমপক্ষে পাঁচজন আহত হন। দুপুর পৌনে ১২টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
জান্নাতুল নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের বেবি ওয়ান ক্লাসে পড়ত। সাবেকুন নাহার নগরের মর্গ্যান বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ে।
পুলিশ জানায়, সুরতহাল শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাদ মাগরিব শহরের বঙ্গবন্ধু সড়কে নূর মসজিদে জানাজা শেষে মাসদাইর পৌর কবরস্থানে দাফন করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, ট্রাকচালক পালিয়েছে। তাঁকে আটকের চেষ্টা চলছে।