ট্রাকের চাকায় আটকা শিশু, মহাসড়কে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে পাথরবাহী ট্রাকের চাপায় এক শিশু পিষ্ট হয়ে আটকা পড়ে। শিশুটির নাম তাসলিমা বেগম (১২)। সে হবিগঞ্জের নবীগঞ্জ থানার চাইলারামপুর গ্রামের মইজুদ্দিনের মেয়ে।

আজ শনিবার বিকেল চারটার দিকে উপজেলার বাহাদুরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর স্থানীয় জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে তাসলিমা রাস্তা পার হচ্ছিল। এ সময় সিলেট থেকে ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে সে ট্রাকের চাকায় আটকা পড়ে। এখন পর্যন্ত শিশুটিকে ট্রাকের চাকার ভেতর থেকে উদ্ধার করা যায়নি। এ ঘটনার পর স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করলে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বিষয়টির সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ট্রাকের চাকা থেকে শিশুটিকে উদ্ধারের জন্য রেকার আনা হচ্ছে। শিশুটির পরিচয় এখনো জানা যায়নি। ট্রাকটির চালক ও সহকারী পলাতক। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে।