ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. আক্তার হোসেন (৪৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কলেজ রোডের তিতাস ইউনিটি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কলেজ রোড দিয়ে কোমল পানীয়বোঝাই একটি ট্রাক (ফেনী-ট-০২-০০০২) দুর্গারামপুরের দিকে যাচ্ছিল। এ সময় আক্তার হোসেন মোটরসাইকেল নিয়ে ট্রাকটি দ্রুতগতিতে অতিক্রম করার সময় রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে ট্রাকচালকের সহযোগিতায় এলাকাবাসী তাঁকে উদ্ধার করে প্রথমে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য স্বজনেরা তাঁকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে উপজেলার ছয়ানী এলাকায় তাঁর মৃত্যু হয়।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন।