ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের চামাগ্রাম এলাকায় গতকাল বুধবার সন্ধ্যায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মিজান নামের সাড়ে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। মিজান একই এলাকার জাক্কার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ছয়টার দিকে সড়কের চামাগ্রাম এলাকায় সোনামসজিদ থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মিজান ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় স্থানীয় জনগণ ট্রাক ও চালককে আটক করে এবং বেশ কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ট্রাকচালক নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুরের মিলন হোসেনকে আটক করে। এ সময় স্থানীয়রা অবরোধ তুলে নেয়। ঘটনাটি সদর থানার ওসি মাযহারুল ইসলাম নিশ্চিত করেছেন।