ট্রাকের চাপায় অবসরপ্রাপ্ত পুলিশ নিহত
প্রাতর্ভ্রমণে বেরিয়ে আর বাড়ি ফিরতে পারেননি পুলিশের অবসরপ্রাপ্ত উপপরিদর্শক আবদুল জলিল (৬৫)। বাড়ি ফেরার আগেই ট্রাকচাপায় নিহত হয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কে।
আবদুল জলিল পার্বতীপুর শহরের থানাপাড়ায় পরিবার নিয়ে বাস করতেন। তাঁর গ্রামের বাড়ি বগুড়া জেলায় বলে জানা গেছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গতকাল ভোরে পুলিশের অবসরপ্রাপ্ত উপপরিদর্শক আবদুল জলিল (এসআই) প্রাতর্ভ্রমণে বের হন। পার্বতীপুর শহরের অদূরে পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার (কেলোকা) সামনে সৈয়দপুরমুখী একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে নেওয়া হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে পার্বতীপুর থানায় একটি মামলা হয়েছে।